• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম


৫০তম বিসিএসের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১০:২৯ এএম

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৯ জুলাই) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১১ আগস্ট ১৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ ও ১৩ আগস্ট ১৫০ জন করে প্রার্থীর ভাইভা নেওয়া হবে।

এরপর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৩ ও ২৪ আগস্ট প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাগুলোর জন্য সংশ্লিষ্ট রোল নম্বরও প্রকাশ করেছে পিএসসি।

মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।

সব মৌখিক পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

/এসএন