• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম


ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গু/লিবর্ষণ, ভাই/রাল ভিডিও ঘিরে তোলপাড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ১১:৫১ পিএম

ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় ‘বিহার বন্ধ’ কর্মসূচি চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৫ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিহার পুলিশের এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

রাজ্যজুড়ে পালিত ওই ধর্মঘট কর্মসূচিতে বিভিন্ন জেলার ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিহার পুলিশ সদর দপ্তর গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, বিক্ষোভ চলাকালে এক পুলিশ সদস্য একে-৪৭ রাইফেল থেকে গুলি ছুড়ছেন। ভিডিওটি সামনে আসার পরপরই সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

এদিকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন বিক্ষোভকারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফও রয়েছেন। পরিবারের দাবি, ধর্মঘটের দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং তার ঘাড়ে গুলি লাগে। পরে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশ করে দাবি করেন, সেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।

লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে একে-৪৭ ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান দায়িত্ব। প্রতিষ্ঠিত নিয়ম লঙ্ঘনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না এবং আরও কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা প্রয়োজন রয়েছে কি না, তা নির্ধারণ করা হবে।

রাজ্যব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের উদ্দেশ্যে মিছিল বের করেন। স্লোগান দিতে দিতে একপর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

/এসএন