• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম


বন্ধুত্বের নজির, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ বন্ধু

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৫:৩২ পিএম

বন্ধুত্ব শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়; দুঃখ-কষ্টেও পাশে দাঁড়ানোর নামই প্রকৃত বন্ধুত্ব—এমন এক উদাহরণ সৃষ্টি করেছেন কুমিল্লার মুরাদনগরের একদল তরুণ, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য। পরে শুক্রবার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, দৌলতপুর গ্রামের সজীব নামের এক তরুণ মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে চুল কেটে ন্যাড়া হন। বিষয়টি জানতে পেরে বন্ধুর পাশে দাঁড়াতে এবং তাকে একাকিত্ব অনুভব করতে না দিতে আরও ৯ বন্ধু স্বেচ্ছায় নিজেদের মাথাও ন্যাড়া করে ফেলেন।

এই বন্ধুরা হলেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

তাদের ভাষ্য, সজীব যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সে জন্যই সবাই মিলে একই সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, এমন ঘটনা সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ, যেখানে সুখ-দুঃখ সবই একসঙ্গে ভাগ করে নেওয়া হয়।

বন্ধুদের এই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন সজীব। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে তিনি বন্ধুদের সম্মানে এক ভিন্নধর্মী আয়োজন করেন। সেখানে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি দেশি মোরগ দেওয়া হয়। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে একটি করে হাতঘড়ি উপহার দেওয়া হয়।

এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্কের বাইরেও হৃদয়ের বন্ধন কতটা গভীর হতে পারে। মুরাদনগরের এই ১০ তরুণ সেই সত্যকেই নতুন করে তুলে ধরেছেন।