• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম


লেবানন যুদ্ধবিরতিঃ ইরানের সঙ্গে আলোচনার পথের বাঁধা দূর করেছে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৩:৪৯ পিএম

লেবাননে চলমান যুদ্ধবিরতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা দূর করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর এক গবেষক জানিয়েছেন, চলতি সপ্তাহান্তের মধ্যেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তবে তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র আসলেই তেহরানের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে কতটা আন্তরিক। তার দাবি, ওয়াশিংটনের প্রো-ইসরায়েল কট্টরপন্থী মহল এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে, যা ইরান আগেই প্রত্যাখ্যান করেছে।

ইরানভিত্তিক বিশ্লেষক আল আকবর দারেইনি বলেন, তেহরান আঞ্চলিক সংঘাতগুলোকে পরস্পর সংযুক্ত হিসেবে দেখে। তার ভাষায়, এটি “ফ্রন্টগুলোর ঐক্য”, যেখানে একটি অঞ্চলের পরিস্থিতি অন্য অঞ্চলের ওপর সরাসরি প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, “সবার জন্য নিরাপত্তা নিশ্চিত না হলে কারও জন্যই নিরাপত্তা থাকবে না।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বর্তমান শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

দারেইনি জানান, ইরান এখনো একটি “ন্যায্য ও ভারসাম্যপূর্ণ” চুক্তির জন্য প্রস্তুত। তবে অতীতে আলোচনার সময় বোমা হামলার ঘটনাকে উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন এবং বলেন, এতে ইরানের আস্থায় বড় ধরনের আঘাত লেগেছে।

সব মিলিয়ে, লেবাননের যুদ্ধবিরতি নতুন কূটনৈতিক পথ খুলে দিলেও, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখনো অনিশ্চয়তা ও অবিশ্বাসে ঘেরা।