• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম


বাবার দাফন শেষে রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা- ইকনের সংগ্রাম ছুঁয়ে গেল সবাইকে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৯:৩০ এএম

বাবার দাফন সম্পন্ন করেছেন বিকেলে। সেই শোক কাটার আগেই রাতেই হাতে বই নিয়ে ফিরতে হয়েছে এটিএম বুথের ডিউটিতে। আর পরদিন সকালে বসতে হয়েছে এইচএসসি পরীক্ষার হলে। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমনই সংগ্রামের গল্প লিখছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন।

ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি সদ্য প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে। বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই এখন তাকে সামলাতে হচ্ছে পরিবারের দায়িত্ব, চাকরি এবং পড়াশোনা।মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া।

সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে—ইমন ও ইকনকে রেখে গেছেন।পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। জোহরের নামাজের পর মুনিগঞ্জ দোতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

জানা গেছে, ইকনের বড় ভাই ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করতেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ইকন।ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন।বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে ফিরে যান। রাত ১০টার দিকেও তাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

চোখে বাবাকে হারানোর অশ্রু, তবুও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি তিনি। কারণ পরদিন, ২৩ জুলাই, তার এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা ছিল।প্রিয় বাবাকে হারানোর শোক, মানসিক ভারসাম্যহীন বড় ভাই, সংসারের দায়িত্ব এবং নিজের ভবিষ্যৎ—সবকিছু একসঙ্গে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন ইকন। তার দায়িত্ববোধ, অধ্যবসায় ও অদম্য মানসিক শক্তি স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। অনেকেই ইকন ও তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

/বিএসএস