• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম


‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে দুই কন্যাকে রাস্তায় রেখে চলে গেলেন মা, পরে আর ফেরেননি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১১:৩৮ পিএম

দিনাজপুরের হাকিমপুরে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। ‘থাকো, টাকা নিয়ে আসি’—এই কথা বলে নিজের দুই কন্যাসন্তানকে রাস্তার পাশে রেখে চলে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফিরে না আসায় অসহায় দুই শিশু হিলি থানা মোড়ে বসে কান্নায় ভেঙে পড়ে।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের ৪ নম্বর গেটের সামনে থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার কিছু আগে তিনি হিলি বন্দরের ৪ নম্বর গেটের সামনে একটি অফিসের বারান্দায় দুই শিশুকে বসে কান্নাকাটি করতে দেখেন। তাদের কাছে জানতে চাইলে শিশুরা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, ‘থাকো, আমি টাকা নিয়ে আসি।’ এরপর আর ফিরে আসেননি।

মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি শিশু দুটিকে কিছু খাবার কিনে দিলেও তারা কিছু না খেয়ে শুধু কান্না করছিল। পরে বিষয়টি তিনি হাকিমপুর থানা পুলিশকে জানান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং তিনি ঢাকায় থাকেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে তিনি বলেন, ‘থাকো, টাকা নিয়ে আসি।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ওসি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত আছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশু দুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

/এসএন