• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৮ এএম


বিয়ের অনুষ্ঠানে মদ ভেবে মিথানল পান করে দুই যুবকের মৃত্যু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১০:৫৬ পিএম

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল (মদ) ভেবে মিথানল পান করার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিথানল সরবরাহের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব (২২) মারা যান। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান রনি মিয়া (২০)।

নিহত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। নিহত রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি একই এলাকায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করতেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহল হিসেবে মিথানল পান করান। পরদিন সকাল থেকে সজিব ও রনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ নিলেও তাদের অবস্থার উন্নতি হয়নি। পরে তাদের কোনাবাড়ীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুজনেরই মৃত্যু হয়।

নিহত রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন, রনি তাঁর সঙ্গে থেকে পড়াশোনা করতেন এবং তিনি ভিক্ষাবৃত্তি করে নাতির লেখাপড়ার খরচ চালাতেন। তাঁর দাবি, রনি কোনো ধরনের নেশা করতেন না এবং তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ার কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, শাহবাগ থানা থেকে সজিবের মৃত্যুর বিষয়ে একটি বার্তা পাওয়ার পর রনি মিয়ার মৃত্যুর বিষয়টিও জানা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এএসএফ