• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম


আগামীকাল শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৭:২৩ পিএম

আগামীকাল রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’। এ মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন।শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ‘টাইগার লাইটনিং-২৬’-এর প্রশিক্ষণ কার্যক্রমে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ক অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও গভীর ধারণা লাভের সুযোগ পাবেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দ্বিপক্ষীয় মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

যৌথ মহড়ার উদ্দেশ্য সম্পর্কে মার্কিন দূতাবাস জানায়, এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামরিক দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (Interoperability) আরও শক্তিশালী করা হবে।উল্লেখ্য, ‘টাইগার লাইটনিং’ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে একটি বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া, যা ২০১৭ সালে শুরু হয়।

কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে যৌথ সক্ষমতা যাচাই করা হবে।

/বিএসএস