• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম


ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৬:১৫ পিএম

এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে অবস্থিত সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস (সিআরআইজেএএফ) পরিদর্শন করেন ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মাঠে উৎপাদিত পাটের মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কৃষকেরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর শিবরাজ সিং চৌহান আশ্বাস দেন, পাটের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।পরে সাংবাদিকরা ভারতের তুলনায় বাংলাদেশের পাটের মান কেন ভালো—এমন প্রশ্ন করলে তিনি বলেন, “আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি।

স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়।”বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের উর্বর পলিমাটি ও অনুকূল জলবায়ুর সুবিধা ভোগ করলেও কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে বাংলাদেশের পাট আন্তর্জাতিক বাজারে বেশি মানসম্পন্ন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিশেষ করে পর্যাপ্ত প্রবাহমান পানিতে পাট জাগ দেওয়ার সুযোগ বাংলাদেশের পাটের আঁশকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলে।অন্যদিকে, ভারতে বাংলাদেশি পাটের ব্যাপক চাহিদা থাকলেও দেশটির সরকার ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষার যুক্তিতে বাংলাদেশ থেকে আমদানি করা পাট ও পাটজাত পণ্যের ওপর বিভিন্ন বিধিনিষেধ এবং অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এর ফলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত পাট বাণিজ্য নানা জটিলতা ও সীমাবদ্ধতার মুখে রয়েছে।

/বিএসএস