চলমান আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে ইরান।
তেহরানের দাবি, ওয়াশিংটন শান্তি প্রক্রিয়ার শর্ত ভঙ্গ করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। বুধবার (১৫ জুলাই) জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তাবিষয়ক বুলেটিনে এই কূটনৈতিক পদক্ষেপের তথ্য জানানো হয়।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে এ সংক্রান্ত বিশেষ চিঠি পাঠান।
চিঠিতে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র শুধু নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়নি, বরং তারা সক্রিয় ও ধারাবাহিকভাবে সমঝোতা স্মারকের মৌলিক ভিত্তিকেই নস্যাৎ করে দিয়েছে।
এতে আরও বলা হয়, মার্কিন প্রশাসনের পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং ধারাবাহিক বৈরী কর্মকাণ্ড বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি চিঠিতে উল্লেখ করেন, এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার প্রতি যুক্তরাষ্ট্রের উদাসীনতা ও অবজ্ঞার আরেকটি স্পষ্ট উদাহরণ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
/এসএন