• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম


১০০ বছর বয়সে মা’রা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:২৮ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর তাৎক্ষণিক কারণ এখনো স্পষ্ট করা হয়নি।

মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন ড. সিতি হাসমাহ। দেশটির ইতিহাসের শুরুর দিকের মালয় নারী চিকিৎসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সিতি হাসমাহ। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তার ভূমিকা সর্বজনস্বীকৃত।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একই সঙ্গে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

সিতি হাসমাহর মৃত্যুতে মালয়েশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

/এসএন