• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম


চট্টগ্রামে বন্যার তাণ্ডব, মারা গেছে ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১২:২০ পিএম

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ব্যাপক প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। খামার, পশুখাদ্য ও অবকাঠামোর ক্ষতিসহ মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ জুলাই (রোববার) প্রকাশিত এক প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যায় মারা যাওয়া প্রাণিসম্পদের মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস। শুধু গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যুর কারণেই আনুমানিক ৩ কোটি ৭৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে গবাদিপশুর খাদ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবকাঠামো ও খামারসংক্রান্ত ক্ষতির পরিমাণ প্রায় ৭২ লাখ টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব। বন্যার পানি সম্পূর্ণ সরে যাওয়ার পর মাঠপর্যায়ে পুনর্মূল্যায়ন শেষে ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএসএফ