সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল পরিচালনার সময় দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় নিয়মিত টহল চলাকালে দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে।
এ সময় টহলরত সদস্যরা তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেন।কিন্তু ওই দুই ব্যক্তি নির্দেশ অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়।এরপর ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/বিএসএস