জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের চলমান কয়েকটি সংকটের কারণে সাধারণ মানুষের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, কর্মসংস্থানের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে।
জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। কিন্তু দাম বাড়ানোর পরও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং লোডশেডিং এখনো অব্যাহত রয়েছে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, সেটিকে ‘আলংকারিক উদ্যোগ’ বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, ওই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।
গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, গণভোটের ফলাফল প্রকাশের সময় প্রকৃত ফলাফল প্রতিফলিত করা হয়নি। তার ভাষায়, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। তিনি আরও দাবি করেন, গণভোট থেকে সরকার সরে আসায় জনগণ আহত হয়েছে এবং এতে মানুষের প্রত্যাশা ভেঙে গেছে।
/এসএন