• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম


ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না স্পেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:৫৯ পিএম

ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তবে ট্রাম্পের এই ঘোষণাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না স্পেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা এ ধরনের বক্তব্যকে স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ হিসেবেই দেখছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “ন্যাটোতে স্পেন একটি ভয়াবহ অংশীদার। তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”

এ সময় তিনি আরও বলেন, “অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন। এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন। তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা খুবই হতাশাজনক, বাজে লোক।”

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরোধের মূল কারণ ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতপার্থক্য। ট্রাম্পের চাপের মুখে জোটের অন্যান্য সদস্য দেশ ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিলেও স্পেন একমাত্র দেশ হিসেবে এ অঙ্গীকার করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ছাড়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি না দেওয়ায় স্পেনের প্রতি ট্রাম্পের অসন্তোষ আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করছে। এই সম্পর্ক পরিবর্তনের কোনো ইচ্ছা আমাদের নেই।”

স্পেনের সরকার আরও জানিয়েছে, তারা ট্রাম্পের এসব হুমকিকে ‘ব্যবসায়িক রুটিনের অংশ’ হিসেবে বিবেচনা করছে।

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরান প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির যে সমঝোতা ছিল, সেটি এখন ‘শেষ’ হয়ে গেছে।

/এসএন