ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় আফরাসিয়াবির অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করা হয়, যার ফলে দলটি ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আদালতের কাছে কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে এই মামলাটি ক্লাস-অ্যাকশন হিসেবে পরিচালনার অনুমতিও চেয়েছেন। তার দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহার করে নেওয়া ওই সিদ্ধান্তের কারণে ইরান সম্ভাব্য জয় এবং শেষ ৩২-এ খেলার সুযোগ হারিয়েছে।
ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহ যে গোলটি করেছিলেন, ভিএআর পর্যালোচনার পর সেটি অফসাইডের কারণে বাতিল করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ফলের পরই ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনার ইতি ঘটে। সে সময় বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছিল, ভিএআর পর্যালোচনার ভিত্তিতেই গোলটি অফসাইড হিসেবে বাতিল করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে এবং দলটির জন্য সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
/এসএন