দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য অংশে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন বিভাগে টানা পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দুই দিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের সব বিভাগেই কমবেশি বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রোববার ও সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার প্রবণতা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।
/এসএন