• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম


২৪ ঘণ্টায় আবারও দুই শিশুর মৃত্যু—ময়মনসিংহে হামের ভয়াবহ বিস্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ২:৫৯ পিএম

ময়মনসিংহে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দুই শিশুর মৃত্যু হয়েছে, আর নতুন করে ভর্তি হয়েছে আরও ২৬ শিশু। এতে করে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুই শিশুর একজন গৌরীপুর উপজেলার বাসিন্দা হুমায়ুন মিয়ার ১০ মাস বয়সী ছেলে সাদেকুল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে মাত্র ২৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। অন্যদিকে ফুলপুরের ৯ মাস বয়সী শিশু সোহানকে গত ২২ মার্চ ভর্তি করা হয়েছিল, যার মৃত্যু হয়েছে শনিবার রাত ১০টা ৫০ মিনিটে। তবে এই দুই শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করতে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৯৭ জন শিশু একই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১২ শিশু এবং মৃত্যু হয়েছে মোট ১২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। তবুও নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ওপর চাপ বাড়ছে বলে জানা গেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু এবং নতুন ২৬ শিশুর ভর্তি পরিস্থিতির গুরুতর দিকটি স্পষ্ট করে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়াতে পারে, তাই শিশুদের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।