• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম


রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি, অসুস্থ শিশুদের না দেওয়ার পরামর্শ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০২ পিএম

দেশে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি ভিত্তিতে এমআর (মিজেলস-রুবেলা) টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রথম ধাপে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬, পবিত্র ঈদুল আজহা-এর আগেই কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে হাম ও রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষার আওতায় আনা।

প্রাথমিকভাবে যেসব জেলায় কর্মসূচি শুরু হবে, সেগুলোর মধ্যে রয়েছে বরগুনা, বরিশাল, চাঁদপুর, কক্সবাজার, ঢাকা, গাজীপুর, যশোর, ঝালকাঠি, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নাটোর, নেত্রকোনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী ও শরীয়তপুরের নির্বাচিত উপজেলাগুলো।