ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ ট্রফিতে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (১৩ জুন) পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ বিভাগের রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে নেপালকে ৩৯-২৫ গোলে হারিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।বাংলাদেশের এই বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেবে দাই বম।
ম্যাচে সর্বোচ্চ সাতটি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম। একদিন আগেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর এবারও উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন বান্দরবানের কোয়ান্টার কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জেবে।আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত জেবে দাই বম নিজের পারফরম্যান্স নিয়ে বিনয়ী মূল্যায়ন দিয়েছেন।
ভারতের বিপক্ষে একাই ১৮ গোল করা এই খেলোয়াড় বলেন, ‘আমি নিজের পারফরম্যান্সে ১০-এর মধ্যে নিজেকে পাঁচ দেবো। সত্যি বলতে আমি দলের জন্য খেলেছি, বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনো খেলব না। আজ আমি চেয়েছি অন্য কেউ যেন পুরস্কার পায়।’তবে নেপালের বিপক্ষে জয়ের আনন্দের মাঝেও ভারতের কাছে হারের আক্ষেপ ভুলতে পারছেন না তিনি। জেবে বলেন, ‘ভারতের কাছে হারের পর ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয়-পরাজয়ের মধ্যে ছিল মাত্র চার গোলের ব্যবধান।
চাইলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম।’রাউন্ড রবিন লিগে বাংলাদেশের সামনে এখন শেষ চ্যালেঞ্জ আফগানিস্তান। প্রতিপক্ষকে যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে জেবে দাই বম বলেন, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল। ভারতের বিপক্ষে যেমন খেলেছি, আজ যেমন খেলেছি, ওদের সাথেও তেমন খেলতে চাই।’
আগামীকাল রোববার (১৪ জুন) দুপুর ১টায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।এদিকে আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বিকেল ৫টায় অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ।
সূত্র: বাসস
/বিএসএস