• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম


সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১২:৫০ পিএম


চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ সেরা হয়ে শক্তিশালী ভারতকে এড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হতে পারেনি লাল-সবুজের দল।
রবিবার সকালে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই জমে ওঠে উত্তেজনাপূর্ণ লড়াই। দুই দলের আক্রমণ ও রক্ষণে ছিল পাল্টাপাল্টি দাপট। প্রথমার্ধ শেষে ১৯–১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক সফল রেইডে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত নেপালের সংগঠিত রক্ষণভাগ ভাঙা কঠিন হয়ে পড়ে। টানটান উত্তেজনার ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩৮–৩৬; মাত্র দুই পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় নেপাল।
মূলত শুক্রবার ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রবিবার অনুষ্ঠিত হয়। এই হারের ফলে গ্রুপে রানারআপ হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা অন্য গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে।
তবে সেমিফাইনালে হারলেও অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।