• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম


বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদোর ভবিষ্যদ্বাণী—সহজেই জিতবে স্পেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১১:২১ পিএম

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা লড়াই নিয়ে নিজের পূর্বাভাস জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকার বিশ্বাস, লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা স্পেন ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সহজেই হারিয়ে শিরোপা জিতবে।

রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। তাই ফাইনালেও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।’

নিজের এই পূর্বাভাসের পেছনে স্পেনের দীর্ঘদিনের ফুটবল দর্শন ও সংস্কৃতিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। রোনালদোর মতে, স্পেনের বর্তমান সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক ফুটবল দর্শনের ফল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।’

যদিও শিরোপার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রেখেছেন রোনালদো, তবুও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা লিওনেল স্কালোনির দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ হয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি।

রোনালদো বলেন, ‘এই বিশ্বকাপে তাদের (আর্জেন্টিনা) গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।’

/এসএন