• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম


এক ঘণ্টার বেশি বিভ্রাটের পর স্বাভাবিক হলো ফেসবুক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ৮:৩৫ পিএম

বিশ্বজুড়ে হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবা।

শুক্রবার (১২ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি পুনরায় স্বাভাবিকভাবে ব্যবহার করতে শুরু করেন ব্যবহারকারীরা।

এর আগে সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই ফেসবুকের সেবায় ব্যাপক বিঘ্ন দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। অনেকেই ফেসবুক অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি, আবার অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা, পোস্ট করা এবং বার্তা আদান-প্রদানে সমস্যার কথা জানান।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের পর রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশে ফেসবুকের সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর ব্যবহারকারীরা আবারও স্বাভাবিকভাবে অ্যাকাউন্টে প্রবেশ এবং প্ল্যাটফর্ম ব্যবহার করতে সক্ষম হন।

তবে কী কারণে এই বৈশ্বিক বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি মেটা কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক এই সেবা বিঘ্নের কারণে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দেয়।

/এএসএফ