• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ এএম


কায়রোয় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ: প্রবাসে এক টুকরো বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ এপ্রিল ২০২৬ ১:৫২ পিএম

কায়রো-এর প্রাণকেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শনিবার (২৫ এপ্রিল) মদিনাতুল বুঊসের মাঠ যেন রূপ নেয় এক টুকরো বাংলাদেশে, যেখানে সংস্কৃতি, স্মৃতি ও আবেগ মিলেমিশে তৈরি করে উৎসবমুখর পরিবেশ।

নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আজহারের উপদেষ্টা ড. নাহলা সাইদী এবং মদিনাতুল বুউসের প্রধান ড. আহমদ ইসাম আল-কাদি।

প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে এই বৈশাখী উৎসব ছিল শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং শিকড়ে ফেরার এক আবেগঘন প্রয়াস। আয়োজন সফল করতে কাজ করেন আহ্বায়ক মিনহাজুল আবেদীন সামি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজুর রহমান এবং সদস্য সচিব সালেহ আহমেদ।

উৎসবজুড়ে ছিল বাঙালির ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি। পুচকা, চটপটি, হালিম, বিরিয়ানি, মাছের মালাইকারি, পিঠা-পুলিসহ নানা দেশীয় খাবারের স্টল প্রবাসীদের মনে জাগিয়ে তোলে দেশের স্মৃতি। পাশাপাশি হাড়িভাঙা, চেয়ার খেলা, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান।

এই মিলনমেলায় অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয় এবং আইন শামস বিশ্ববিদ্যালয়-এর বাংলাদেশি শিক্ষার্থীরা। তাঁদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে সার্বজনীন, যেখানে পরিচয় একটাই—বাঙালি।

রাষ্ট্রদূত সামিনা নাজ তাঁর বক্তব্যে বলেন, “আমরা যেখানেই থাকি, আমাদের শিকড়ই আমাদের পরিচয়।” তিনি মুঘল সম্রাট আকবর-এর আমলে বঙ্গাব্দ প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রবাসীদের বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন প্রবাসীদের মধ্যে সংস্কৃতির বন্ধনকে দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে।

সব মিলিয়ে কায়রোর এই বৈশাখী আয়োজন ছিল প্রবাসে বাঙালিত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি—যেখানে দূরত্ব ভুলে একসঙ্গে উদযাপিত হয়েছে সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসা।

লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর