• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম


লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৫ বাংলাদেশি

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১ এপ্রিল ২০২৬ ৮:০১ পিএম

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতা ছিল।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১১৩ জন এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জন ছিলেন।

জানা গেছে, তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন মানবিক সংকটের মুখে পড়েন।

বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।