• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ এএম


ভাইরাল হাতাহাতির ঘটনায় ব্যবস্থা, বরখাস্ত দিলীপ ও নুরুজ্জামান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:১৬ পিএম

রাজধানীর গুলিস্তানে ডিউটিরত অবস্থায় দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই ট্রাফিক কনস্টেবল হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক।

তিনি জানান, ঘটনাটি গত ২১ মে দুপুরের দিকে গুলিস্তানের জিপিও মোড় এলাকায় ঘটে। ওই সময় দুই কনস্টেবলই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং তারা ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।

ডিসি মইনুল হকের ভাষ্য অনুযায়ী, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেই কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।

তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাটি সামান্য মনে হলেও আসলে তা নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। প্রকাশ্যে সড়কের মধ্যে হাতাহাতি করা শৃঙ্খলা ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় বিধি অনুযায়ী ওই দুই সদস্য কিছু রেশন সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।