• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম


‘বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী গেলেন বরিশালে’—সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৮:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। তার অভিযোগ, বন্যায় মানুষ প্রাণ হারালেও প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়ে বরিশাল সফরে গেছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বন্যার কারণে অনেক এইচএসসি পরীক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার চাইলে পরীক্ষা স্থগিত করতে পারত অথবা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারত। কিন্তু শিক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় নৌকার ব্যবস্থা, বিকল্প পরীক্ষা কেন্দ্র কিংবা অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হতো।

বক্তব্যে বিএনপিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অতীতে আলোচিত ‘হাওয়া ভবন’-এর মতো একটি প্রভাবকেন্দ্র বর্তমানে বিদেশ থেকে পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের ক্ষমতার কাঠামোয় প্রভাব বিস্তার করছেন।

তিনি দাবি করেন, দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সুশৃঙ্খল ও যোগ্য তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা প্রয়োজন।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

/এসএন