• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ এএম


টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১০:১০ এএম

রাজশাহীতে জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নেসকো’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মে (রবিবার) দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।


১১ মে (সোমবার) রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


১২ মে (মঙ্গলবার) সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না।


১৩ মে (বুধবার) দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


১৪ মে (বৃহস্পতিবার) মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না।


এরপর ১৬ থেকে ২৪ মে পর্যন্ত বনগ্রাম, কাটাখালী, কাপাশিয়া, বিহাস ও পদ্মা আবাসিকসহ বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকাগুলোতে ধাপে ধাপে একইভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। তবে এই কাজের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছে সংস্থাটি।

/ বিএসএস