• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম


ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৮:১৩ পিএম

ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করে কৃষক কার্ড কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত কৃষক কার্ড–সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। এ কাজে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় সরকারপ্রধান আরও নির্দেশনা দেন, নতুন কৃষক কার্ডে কৃষকের ছবি ও কিউআর কোডের পাশাপাশি পরিচয়, কৃষি উৎপাদন, সরকারি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা এবং কৃষি বাজারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় রেখেই কার্ডের চূড়ান্ত নকশা ও তথ্য কাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

এর আগে গত ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ১০ জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই দিন ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইল ওয়ালেটে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সরকারের তথ্য অনুযায়ী, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজভাবে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএসএফ