• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম


ইরানের আকাশ যুদ্ধজয় উদযাপন করছে ইরানি জনতা

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:১১ পিএম

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টাপাল্টি বিমান অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকা এ সংঘাতে এবার সরাসরি ইরানের ভূখণ্ডে স্থল পর্যায়ের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

শুক্রবার দক্ষিণ ইরানে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ওঠে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালীর কাছেও আরেকটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়। ইরানি সামরিক বাহিনীর দাবি, সেটিও তাদের হামলায় ভূপাতিত হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের নিখোঁজ পাইলটদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করেছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয়দেরও তল্লাশিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারে বিশেষ বাহিনীর সদস্যরা ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি Pentagon।

প্রতিবেদনে আরও বলা হয়, ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানে থাকা এক ক্রুকে উদ্ধার করা সম্ভব হলেও অপর একজন দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েন। তাকে উদ্ধারের চেষ্টার সময় মার্কিন বাহিনী ইরানের সীমান্তরক্ষী ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বাধার মুখে পড়ে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।

ইরান এই ঘটনাকে বড় সামরিক ও রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। দেশটির বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, মার্কিন পাইলটদের আটক করা গেলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা হবে। এদিকে নিখোঁজ সেনাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার খবরও প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় ও সমর্থক মহলে এ ঘটনাকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সাফল্য হিসেবে প্রচার করা হচ্ছে। তারা দাবি করছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়া, মার্কিন সেনা ইরানে প্রবেশ করা কিংবা নিখোঁজ পাইলটদের অবস্থান নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।