• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম


হুমকি এলে কঠোর জবাব, প্রস্তুত ইরান: সেনাপ্রধান

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৭:৫০ পিএম

যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

শুক্রবার (১৭ এপ্রিল) ‘আর্মি ডে’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বার্তায় ইরানি সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আমির হাতামি বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকনির্দেশনা অনুসরণ করে এবং দেশীয় সক্ষমতা, আধুনিক জ্ঞান ও দৃঢ় মনোবলের ওপর ভর করে ইরানের সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সর্বদা নিয়োজিত।

তিনি আরও জানান, কঠোর নজরদারি, দৃঢ় অবস্থান ও উচ্চ মনোবলের মাধ্যমে বাহিনী সব ধরনের শত্রুতামূলক তৎপরতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। প্রয়োজনে দেশের নিরাপত্তা রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

একই সঙ্গে জনগণকে আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের সেবায় অবিচল থাকবে, এবং সম্মান ও প্রতিরোধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।