• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম


‘এক ইঞ্চিও ছাড়ব না’—ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ এপ্রিল ২০২৬ ১১:২৬ পিএম

ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম। তিনি বলেছেন, লেবাননের দখলকৃত ভূখণ্ডের এক ইঞ্চিও ইসরাইলের দখলে থাকতে দেওয়া হবে না।

সোমবার দেওয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান, হুমকি বা চাপের মুখে হিজবুল্লাহ পিছু হটবে না। তার ভাষায়, “আমরা নত হব না, পরাজিতও হব না।”

তিনি বলেন, বাস্তুচ্যুত লেবাননিরা নিজ ভূমিতে ফিরে যাবে এবং দ্রুত পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। বর্তমান পরিস্থিতিকে তিনি একদিকে সংঘর্ষ, অন্যদিকে পুনর্গঠনের সময় হিসেবে উল্লেখ করেন।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের বরাতে জানা যায়, সম্ভাব্য সমাধানের জন্য তিনি পাঁচটি শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে—ইসরাইলি আগ্রাসন বন্ধ, লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন কার্যক্রম শুরু।

নাইম কাশেম সরাসরি আলোচনার সমালোচনা করে বলেন, এটি লেবাননের জন্য অপমানজনক এবং অপ্রয়োজনীয় ছাড়। তিনি পরোক্ষ আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না। কারণ, এটি দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য।

একই সঙ্গে তিনি লেবাননের সামনে দুটি পথ তুলে ধরেন—“মুক্তি ও মর্যাদা” অথবা “দখল ও অপমান”।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে ইসরাইলি হামলায় হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহতের সংখ্যাও কয়েক হাজার ছাড়িয়েছে।