ইরানের সঙ্গে শান্তি চুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তানে অন্তত ছয়টি মার্কিন সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে। এসব বিমান রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে নামে, যা ইসলামাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভিআইপি প্রবেশপথ হিসেবে বিবেচিত।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, উড়োজাহাজগুলোতে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং বিভিন্ন ধরনের লজিস্টিক সামগ্রী আনা হয়েছে। অন্তত দুটি উড়োজাহাজ একই দিনে অবতরণ করে, আর বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন সময়ে সেখানে পৌঁছায়।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা এবং নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।