• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম


অবরুদ্ধ তিন ফিলিস্তিনি পরিবারের জন্য খাবার নিয়ে একসঙ্গে বিক্ষো/ভে ইস’রায়েলি-ফিলিস্তিনিরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৫:২৭ পিএম

অধিকৃত পশ্চিম তীরের কুসরায় তিন ফিলিস্তিনি পরিবারের বাড়ি টানা পাঁচ দিন অবরুদ্ধ রাখার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ফিলিস্তিনি, বিদেশি এবং বামপন্থি ইসরায়েলি কর্মীরা। অবরোধের প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

শুক্রবার (১৪ আগস্ট) নাবলুসের দক্ষিণে কুসরার রাস আল-আইন এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। পরে তারা অবরুদ্ধ তিন ফিলিস্তিনি পরিবারের বাড়ির দিকে এগিয়ে যান। সেখানে থাকা বাসিন্দাদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়াই ছিল বিক্ষোভকারীদের উদ্দেশ্য।

তবে বাড়িগুলোতে প্রবেশের পথে বিক্ষোভকারীদের বাধা দেয় ইসরায়েলি সেনারা। সেনাদের দাবি, ওই এলাকাটি ‘বন্ধ সামরিক অঞ্চল’। বাধা সত্ত্বেও পরে বিক্ষোভকারীরা কোনোভাবে বাসিন্দাদের কাছে খাবার, পানি ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হন।

এর আগে রাস আল-আইন এলাকায় তিন ফিলিস্তিনি পরিবারের বাড়ির বাইরে ইসরায়েলি দখলদাররা একটি তাঁবু পুনরায় স্থাপন করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা সেখানে পৌঁছানোর পর দখলদাররা তাঁবুটি সরিয়ে নেয়। তবে বাড়িগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকে এবং বাসিন্দাদের চলাচলও সীমিত করা হয়।

এদিকে এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতিও অব্যাহত রয়েছে। কুসরায় নিয়মিত সামরিক যান ও সেনাদের প্রবেশ ও বের হতে দেখা যাচ্ছে। এর আগে শত শত ইসরায়েলি সেনা কুসরা শহরে অভিযান চালায়। শহর পরিষদের প্রধান আব্দুল আজিম ওয়াদি জানান, ওই অভিযানের সময় ইসরায়েলি সেনারা ১৬টি ফিলিস্তিনি বাড়ি দখল করে সেগুলোকে সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দখল করা ফিলিস্তিনি বাড়িগুলো থেকে শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা সরে যায়। তবে রাস আল-আইনের তিন পরিবার গত রোববার থেকে কয়েক ডজন ইসরায়েলি দখলদারের অবরোধের মধ্যে রয়েছে।

দখলদাররা বাড়িগুলোর বাইরে তাঁবু ও অন্যান্য অস্থায়ী স্থাপনা তৈরি করার পাশাপাশি বাড়িগুলোর দিকে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেয়। একই সঙ্গে সেখানে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছাতে বাধা দেওয়ার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, অবরুদ্ধ এসব বাড়ি দখলের চেষ্টা ইসরায়েলি দখলদাররা প্রায় চার মাস আগে থেকেই শুরু করেছে। পরিবারগুলোর আশঙ্কা, তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করতেই এই অবরোধ আরোপ করা হয়েছে। পরবর্তী সময়ে এসব সম্পত্তি দখলে নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি দখলদারদের হামলা আরও বেড়েছে। এর ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও বাড়ি দখল এবং তাদের বাস্তুচ্যুত করার প্রবণতা নিয়ে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মহলে উদ্বেগও বাড়ছে।

/এসএন