• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম


ছয় মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৬:১৯ পিএম

বিদেশে চিকিৎসা শেষে প্রায় ছয় মাস পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও বৃহস্পতিবার (১৩ আগস্ট) কাঠমান্ডুতে ফেরেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেউবার দেশে ফেরার খবর পেয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়া সড়কে শত শত সমর্থক জড়ো হন। নেপালি কংগ্রেসের প্রবীণ এই নেতাকে স্বাগত জানান তারা। এ সময় দেউবাও হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।

৮০ বছর বয়সী শের বাহাদুর দেউবা গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য নেপাল ছাড়েন। এর দুই মাস পর, গত এপ্রিলে অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

তরুণদের নেতৃত্বে নেপালে আন্দোলনের পর ক্ষমতাসীন সরকারের পতন এবং বালেন্দ্র শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, দেউবার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে অর্থপাচার তদন্ত বিভাগ। সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় দেশে ফেরার সময় বিমানবন্দর এবং তার শোভাযাত্রায় নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল বলে জানান তিনি।

দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বছরের তরুণদের নেতৃত্বে সংঘটিত প্রাণঘাতী আন্দোলনের পর নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ওই নির্বাচনে তরুণদের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে জয় পান বালেন্দ্র শাহ।

ক্ষমতায় আসার পর শাহর সরকার পুরোনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় গত মার্চে ২০২৫ সালের তরুণদের আন্দোলন দমনের সময় সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ দিয়ে তরুণদের ওই আন্দোলনের সূচনা হলেও পরে তা দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেন। দেউবার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

আন্দোলনের সময় দেউবার বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থের বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে দাবি ওঠে। তবে তদন্ত কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ভুয়া ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন দেউবা। তার বাড়ি ও অন্যান্য সম্পত্তি থেকে কথিত অর্থ উদ্ধারের বিষয়টি আরও তদন্তের সুপারিশ করেছে তদন্ত কমিশন।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া নেপালি কংগ্রেসের তিন দিনব্যাপী সম্মেলনে শের বাহাদুর দেউবার অংশ নেওয়ার কথা রয়েছে।

/এসএন