সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোয় প্রতিবেশী দেশ ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। ইরানের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কৃতজ্ঞতার কথা জানান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।সাক্ষাৎকারে জবিউল্লাহ মুজাহিদ বলেন, নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও আফগান জনগণ ও মুসলিম ভাইদের প্রতি ইরানের সহযোগিতা একটি অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, আফগান জনগণ ইরানের এই নিঃস্বার্থ সহায়তার কথা কখনো ভুলবে না এবং এ জন্য তারা চিরকাল কৃতজ্ঞ থাকবে।এ সময় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পাঠানো অন্যান্য দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান তালেবান সরকারের এই মুখপাত্র।উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে প্রতিবেশী রাষ্ট্র ইরান।
কাবুলে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জানায়, বন্যাদুর্গতদের জন্য নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে একটি বিশেষ মানবিক ত্রাণবাহী কনভয় পাঠানো হয়েছে।দূতাবাসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, পাঠানো ত্রাণসামগ্রীর বড় অংশজুড়ে ছিল আটা ও ভোজ্যতেল। এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দ্রুত দুর্গত এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য সরবরাহ করা হয়েছে।
/বিএসএস