• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ এএম


মালয়েশিয়ায় ইসরাইলিদের কোনো জায়গা নেই, পেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৫:১৭ পিএম

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান।

এদিকে, মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম বলেন, অভিযোগটি সংশ্লিষ্ট সংস্থাগুলো খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

তিনি বলেন, “আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেওয়া হবে। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।”

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এ কারণে বিশেষ অনুমতি ছাড়া ইসরাইলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশও সাধারণভাবে নিষিদ্ধ।

জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল–সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর জোহর রাজ্য সরকার বিষয়টি ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, বুধবার দেশটির অভিবাসন বিভাগ জানায়, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিচালিত অভিযানে ২৬৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। তদন্তে তাদের সবার কাছেই বৈধ অভিবাসনসংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএসএফ