ভেনিজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে আঘাত হানা বিধ্বংসী জোড়া ভূমিকম্পের তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে প্রতিনিয়ত বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচে টানা ৭৬ ঘণ্টা আটকে থাকা ১১ বছর বয়সী দুই বালককে পৃথকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ছয় ঘণ্টার জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে কলম্বিয়ার একটি বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধারকারী দল শিশু দুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনে।
উদ্ধারের সময় তীব্র সূর্যের আলো থেকে তাদের চোখ রক্ষা করতে কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়। পরে নিরাপদে তাদের ধ্বংসস্তূপের বাইরে নিয়ে আসা হয়।
এদিকে মোইসেস নামের এক শিশুকে উদ্ধারের কয়েক ঘণ্টা পর আরেক ১১ বছর বয়সী বালককে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে নামিয়ে আনার ভিডিও প্রকাশ করেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
ভয়াবহ এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, এখনো প্রায় ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
/এসএন