দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগ-এ ২ জন এবং চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগ-এ ১ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৭০ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৪ হাজার ৫৯ জনের শরীরে রোগটি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।