• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম


প্রথম নির্বাচনে বাজিমাত:বিজয় কি হয়ে উঠছেন ‘কিংমেকার’?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৮:৪৫ পিএম

থালাপতি বিজয়ের রাজনীতিতে ঝড়: বুথফেরত জরিপে চমক, সরকার গঠনের দৌড়ে নতুন সমীকরণ
দক্ষিণ ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর সেই প্রাথমিক পূর্বাভাসেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিতে নতুন মুখ থালাপতি বিজয়।
প্রথমবারের মতো রাজনীতির ময়দানে নেমেই তিনি নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে বড় ধরনের প্রভাব ফেলেছেন বলে দাবি করছে একাধিক জরিপ। বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পর্যন্ত পেতে পারে—যা তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট কিছু জরিপে ১২০ থেকে ১৪৫ আসন নিয়ে এগিয়ে থাকলেও প্রতিযোগিতা অত্যন্ত হাড্ডাহাড্ডি বলে বিশ্লেষকদের মত।
এআইএডিএমকে জোটও ৬০ থেকে ৮০ আসন পেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসন দিলেও তাকে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। কিছু বিশ্লেষণ বলছে, ৬৭ থেকে ৮১ আসন পেলেও সরকার গঠনের চাবিকাঠি তার হাতেই থাকতে পারে।
উল্লেখ্য, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ভোটগ্রহণ হয়েছে গত ২৩ এপ্রিল। এবারের নির্বাচনে ৮২ শতাংশের বেশি ভোটার উপস্থিতি রাজনৈতিক উত্তাপেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের—যা নির্ধারণ করবে সত্যিই কি প্রথম নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন থালাপতি বিজয়।