• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম


৩১.২৪ বিলিয়ন ডলারে নিট রিজার্ভ, অর্থনীতিতে স্বস্তির বার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১১:১৪ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২২ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত হিসাব পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে এ পদ্ধতিকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

/এএসএফ