• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম


প্রবাসী আয়ে নতুন গতি, ছয় দিনে ৬৮ কোটি ডলার দেশে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ১০:৪৮ পিএম

চলতি বছরের জুন মাসের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৩৮৮ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা, যেখানে প্রতি ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার।

এ সময় বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে দেশে এসেছে ২৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, জুনের প্রথম ছয় দিনে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে মোট ১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৩ লাখ ডলার।

এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার ডলার।

অন্যদিকে, জুন মাসের প্রথম ছয় দিনে দেশি-বিদেশি মিলিয়ে ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে ছয়টি বিদেশি ব্যাংক।

যেসব ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি সেগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বিশ্লেষকদের মতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বহন করছে।

/এএসএফ