ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোনা এবং তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (৭ জুন) ভোরে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে যায়। এতে ট্রাকটিও ব্রিজের সঙ্গে ধসে পড়ে এবং সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই পুরোনো এই ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। একাধিক স্থানে ফাটল ও কাঠামোগত দুর্বলতা দেখা দিলেও প্রয়োজনীয় সংস্কার কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি শেষ পর্যন্ত ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ব্রিজটির বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে ফাটল ও দুর্বলতা ছিল। বিষয়টি জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলেই আজ পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, প্রায় ১০ বছর আগেই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। রোববার সেটি ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, প্রশাসন এবং সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছেন। ব্রিজটি দ্রুত মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
/এসএন