২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী আফ্রিকান দল মরক্কো। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।
ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে কিছুটা এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৮ শতাংশ। আর দুই দলের ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৩.৫ শতাংশ।
শুধু এই ম্যাচেই নয়, পুরো গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের লড়াইয়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৮৫ শতাংশ। বিপরীতে মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।
বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল একটি অনন্য নাম। বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল তারা। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি সেলেসাওরা। ফলে এবারের আসরে তাদের প্রধান লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো।
অন্যদিকে মরক্কোকে আর শুধুমাত্র ‘আন্ডারডগ’ হিসেবে দেখার সুযোগ নেই। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। শক্তিশালী রক্ষণভাগ, দ্রুতগতির পাল্টা আক্রমণ এবং দলগত শৃঙ্খলার কারণে তারা এখন বিশ্বের যেকোনো শক্তিশালী দলের জন্যই বড় চ্যালেঞ্জ।
ফুটবল বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে মরক্কোর সংগঠিত ডিফেন্স ভেঙে গোলের সুযোগ তৈরি করা ব্রাজিলের আক্রমণভাগের জন্য কঠিন পরীক্ষাই হতে পারে।
তাই এই ম্যাচকে শুধুমাত্র একটি গ্রুপ পর্বের লড়াই হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, এটি দুই ভিন্ন ফুটবল দর্শন, কৌশল এবং সামর্থ্যের এক রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংঘর্ষে পরিণত হতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে থাকতে পারেন অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো ও ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে মরক্কোর সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আসরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।
/এসএন