• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম


আগামী ১২ ঘণ্টায় বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:২২ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য কালবৈশাখীর সময় বজ্রপাতের পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। তাই এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, মাসজুড়ে দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ এপ্রিল) দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিনও অন্তত ১৫টি জেলায় তাপপ্রবাহের প্রভাব ছিল। তবে এরপর থেকেই ধীরে ধীরে তাপপ্রবাহ কমে যায়। রোববার থেকে আজ পর্যন্ত দেশের কোথাও তাপপ্রবাহের খবর পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বৃষ্টি ও ঝড় হওয়ায় তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।