• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম


চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযানের ঘোষণা তাহেরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ মে ২০২৬ ৬:৫৯ পিএম

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, চৌদ্দগ্রামে মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ছয় মাস সময় দিয়ে তিনি পেশা পরিবর্তনের আহ্বান জানান।

আজ রোববার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘চৌদ্দগ্রামে মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। এদের ছয় মাসের সময় দেওয়া হলো, তারা যেন পেশা পরিবর্তন করে। ভালো মানুষের সংখ্যাই বেশি, তাই সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘর থেকে বের হতে হবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘চৌদ্দগ্রামের বিএনপির দাবি করছে, এই এলাকার সব উন্নয়ন তাদের হাত ধরেই হবে৷ তাদের উদ্দেশে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন চৌদ্দগ্রামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ এনেছিলাম। নির্বাচন শেষ হওয়ার তিন মাসের মধ্যে আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি।’

ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। শিশুহত্যা ও ধর্ষণের ঘটনাগুলো অপ্রত্যাশিত। এর প্রধান কারণ, সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত। সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর ব্যবস্থা নিতে চাইলেও পারেন না।’

বিএনপি সরকারের ভূমিকা সম্পর্কেও মন্তব্য করেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘মানুষ বিএনপিকে ভোট দিয়েছে নতুন সংবিধান সংস্কার, পার্লামেন্টারি সিস্টেমের উন্নয়ন এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আশায়। কিন্তু বিগত কয়েক মাসে বিএনপির কাছ থেকে আমরা সে ধরনের ভূমিকা দেখছি না, যা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। আমরা বিএনপিকে এখনই ব্যর্থ সরকার বলতে চাই না। তবে যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে, তবে মানুষের কাছে তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হবে। আমি সরকারপ্রধানকে আহ্বান জানাব দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যেতে।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।