• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম


দেশজুড়ে তাপদাহ, এপ্রিলে তীব্র গরমের শঙ্কা

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০৪ পিএম

এপ্রিলের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রাজধানী ঢাকাসহ মোট ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা সাময়িকভাবে তাপপ্রবাহ কমাতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববার থেকে কিছু এলাকায় ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে ছিল ৩৬.১ ডিগ্রি। রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকার আশপাশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ অনুভূত হয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। যদিও ২০২৪ সালের মতো দীর্ঘমেয়াদি তীব্র তাপপ্রবাহ এবার নাও দেখা যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে গরম কিছুটা প্রশমিত হলেও তাপমাত্রার তীব্র অনুভূতি বজায় থাকবে। একই সঙ্গে এ মাসে কয়েক দফা কালবৈশাখী ঝড় ও সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।