• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম


ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ মে ২০২৬ ১০:৪৮ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তাদের দাবি, এই সময়ে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি অবনতির অভিযোগ রয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে ওভারথ্রো করার পরিস্থিতি তৈরি না হয়।”

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “যা কিছু ঘটেছে, তার সামগ্রিক তদন্ত চাওয়া হয়েছে। কীভাবে তদন্ত হবে, তা সরকার নির্ধারণ করবে।”

তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল আদালতে বলেছেন যে তিনি বিষয়টি সম্পর্কে সরকারের নির্দেশনা নিয়ে আসবেন।

এ বিষয়ে আগামী বৃহস্পতিবার হাইকোর্ট আদেশ দিতে পারেন।

/এএসএফ