• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ এএম


মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১:১৭ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে তাঁদের বিরুদ্ধে অবহেলা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।

মামলার আবেদনে মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সৈয়দা রেজোয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা (অব.) কর্নেল নূরনবী, প্রিন্সিপাল মাসুদ আলম ও রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, শিক্ষা ও প্রতিরক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাদীর অভিযোগে বলা হয়েছে, জনবহুল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দিয়ে এমন ঝুঁকিপূর্ণ উড্ডয়ন পরিচালনা এবং দুর্ঘটনার পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপে আসামিদের চরম গাফিলতি ছিল। তাঁদের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যু’ ও ‘প্রতারণার’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন এবং আহত হন আরও ১২৪ জন।

পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল পাইলটের ‘উড্ডয়ন-ত্রুটি’।

/এইচটি