গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কে হঠাৎ একে একে ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ঘটনায় শিউলী আক্তার নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলিয়া (পূবাইল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পূবাইল ১৩২/৩৩ কেভি সাবস্টেশন লাইনের সারিবদ্ধ খুঁটিগুলো হঠাৎ সড়কের পাশে ভেঙে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শর্টসার্কিটের ভয়ে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক শিউলী আক্তার।
দুর্ঘটনার পর সড়কের ওপর বিশাল একটি খুঁটি আড়াআড়িভাবে পড়ে থাকায় টঙ্গী–ঘোড়াশাল সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উদ্ধার ও অপসারণ কাজ শুরু করলেও ধ্বংসস্তূপ সরাতে দীর্ঘ সময় লাগে। ফলে সড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৮টার দিকে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে কালীগঞ্জ পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ধারণা দিয়েছেন, বৃষ্টিতে মাটি নরম হয়ে খুঁটির ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে। পাশাপাশি নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে এনার্জিপ্যাক কাজ করছে বলে জানা গেছে।
খুঁটি ভেঙে পড়ায় পূবাইল ও কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হাজারো গ্রাহক দুর্ভোগে পড়েন। পল্লি বিদ্যুতের পূবাইল জোনাল অফিস জানিয়েছে, বিকল্প ব্যবস্থায় টঙ্গী লাইনের মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।
/বিএসএস